বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সব সময় সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল মঙ্গলবার রাজধানীর বংশাল থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া করোনাক্রান্ত হওয়ার পর আমরা সবাই উনার সুস্বাস্থ্য কামনা করেছি। তার নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তিনি যাতে দেশের সর্বোচ্চ চিকিৎসাসেবা পেতে পারেন, তার জন্য সরকার সহায়তা করে আসছে। আমাদের সরকার সব সময় সে সহায়তা করতে প্রস্তুত।’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি শুধু সরকারের সমালোচনা করছে। কিন্তু করোনা মহামারীতে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে না। দেশকে যারা ভালোবাসেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করুন।
