জাম্বিয়া সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল বুধবার জাম্বিয়ার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন। এরপর তিনি প্রশিক্ষণরত অফিসারদের সামরিক কূটনীতি ও এতদবিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের ওপর বক্তৃতা প্রদান করেন। এছাড়া, তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন সিমুজান্ডোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুদেশের স্টাফ কলেজসহ অন্যান্য সামরিক প্রশিক্ষণ আরও জোরদার করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ মঙ্গলবার সকালে জাম্বিয়ার ন্যাশনাল সার্ভিসের কমান্ড্যান্ট লে. জেনারেল নাথান মুলেঙ্গার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
