বেশ বড় একটা চমক উপহার দিল ভারতের আইএসএলের দল ওড়িশা এফসি। স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড ভিয়াকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। ভারতের একাধিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।
ওড়িশা ফুটবল ক্লাবকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে নেতৃত্ব দেবেন ভিয়া। বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকারকে ভারতে আনতে মুখ্য ভূমিকায় ছিলেন ওড়িশার সাবেক কোচ জোসেপ গোমবাউ এবং ভিক্টর ওনাতে।
ভারতের ক্লাবে যোগ দিতে পেরে খুশি ভিয়া। বলেছেন, ‘আমার যাবতীয় অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। ভারতে কোনোদিন খেলিনি ঠিকই। কিন্তু ২০ বছর ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব যেসব প্রকল্প চালাচ্ছে সেগুলো সফল করার চেষ্টা করব। অনেক বড় মাপের ফুটবলারদের পাশে খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
তাকে কি কোনো ভাবে ওড়িশার জার্সিতে খেলতে দেখা যাবে? হাসতে হাসতে ভিয়ার জবাব, ‘গত বছর খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বুঝতে পেরেছিলাম এটাই সরে যাওয়ার সেরা সময়।’
স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ভিয়া। ক্লাবের জার্সিতে বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদে খেলেছেন। জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও কিছু সময় কাটিয়েছেন ৩৯ বছর বয়সী।
