বশেমুরবিপ্রবি

প্রক্টরের বিরুদ্ধে ১৭ সহকারী প্রক্টরের অনাস্থাপত্র

আপডেট : ০৮ মে ২০২১, ০৪:১১ এএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর ড. মো. রাজিউর রহমানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপাচার্যের কাছে চিঠি দিয়েছেন ১৭ জন সহকারী প্রক্টর।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন,  প্রক্টরের বিরুদ্ধে অনাস্থার চিঠি পেয়েছি। চাইলেই এটা তারা দিতে পারে। তবে প্রশাসন যা করবে সেটা সকলের মতামত নিয়েই করবে।

এ বিষয়ে একাধিক সহকারী প্রক্টর অভিযোগ করে বলেন, প্রক্টর আমাদের সঙ্গে কোনো আলোচনা করে কাজ করেন না, আমাদের ডাকা হয় না এবং বিভিন্ন বিষয়ে আমাদের জানানোও হয় না। এগুলোসহ সমন্বয়হীনভাবে কাজ করার জন্য উপাচার্যের কাছে আমাদের অনাস্থার বিষয়টি জানিয়েছি।

এসকল অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, অফিসিয়ালভাবে অনাস্থার বিষয়ে আমি এখনো শুনিনি। আর জরুরি মুহূর্তে সবাইকে জানিয়ে কাজ করা সম্ভব হয় না। আমি অনেককেই ডেকে সাড়া পাইনি। তবে যতটুকু করি সবকিছু বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মঙ্গলের জন্য করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত