খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রয়োজন আছে কিনা প্রশ্ন তথ্যমন্ত্রীর

আপডেট : ০৮ মে ২০২১, ০৩:৫৭ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদৌ বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা সেটিই এখন বড় প্রশ্ন?

তিনি বলেন, বিএনপি কেন যে তাকে বিদেশ নিয়ে যেতে চায়, সেটি বোধগম্য নয়। কারণ, দেশেই তো বেগম খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পাচ্ছেন।

শনিবার দুপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২১ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দ্রুত আরোগ্য লাভ করুক এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা, এটিই আমাদের কাম্য। খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসাসেবা পান, সেটির জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত নির্দেশনা দিয়েছেন।

হাছান মাহমুদ বলেন, তিনি (খালেদা জিয়া) সর্বোচ্চ চিকিৎসা সুবিধা এখন বাংলাদেশে পাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য এখন বিএনপি ও পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডে, সেখানে করোনা মহামারীতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে।

তিনি বলেন, ইদানীং দেখতে পাচ্ছি বিএনপি সমগ্র দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে মেটেও উদ্বিগ্ন নয়, এ নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তাদের সমস্ত চিন্তা এখন কেন্দ্রীভূত খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। তার তাপমাত্রা আছে কি নাই, এটি কত ডিগ্রি আছে, হাঁটুর ব্যথা আছে কি নাই এটার মধ্যেই বিএনপির রাজনীতিটা এখন সীমাবদ্ধ।

বিএনপিকে অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আপনাদের চিন্তাটা শুধুমাত্র খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে নিমগ্ন না রেখে জনগণের পাশে দাঁড়ান।

রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত ট্রেজারার এমএ ছালাম ও করোনাকালীন ভূমিকা রাখা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত