সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ঝগড়ার জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই ও ভাবি খুনের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে রবিবার রাত ৯টায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম আলমগীর হোসেন (৩২) এবং তার স্ত্রীর নাম মোর্শেদা বেগম (২৮)। মরদেহ জামালগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আলীপুর গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা বিক্রয় নিয়ে কিছুদিন হয় চাচাতো ভাই ঝনর মিয়ার ছেলে রাসেল মিয়ার দ্বন্দ্ব চলে আসছে।
বিক্রি করা জায়গায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ২-৩ দিন হয় ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে রবিবার রাত ৯টায় রাসেল মিয়া আলমগীর হোসেনের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে।
এ সময় আলমগীরের স্ত্রী মোর্শেদা বেগম ফেরানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করেন রাসেল মিয়া। গুরুতর আহত দুইজনকে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে আসার পথেই তাদের মৃত্যু হয়।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্ব আর জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল তাদের মধ্যে। এরই জেরে এমনটি ঘটেছে।
লাশ পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
