সুনামগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল নামের এক যুবককে আটক করেছে এসআরবি-৯। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুরমা সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-৯-এর এএসপি রুকনুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক জুয়েল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্দা।
এসআরবি-৯-এর এএসপি রুকনুজ্জামান জানান, জুয়েল আগে থেকেই এসআরবির গোয়েন্দা নজরদারিতে ছিলেন। সিলেট থেকে সিএনজিচালিত অটোরিকশায় তাহিরপুর যাওয়ার পথে সুরমা সেতু এলাকায় তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রকৃত মাদক কারবারিদের আটক করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।