যোগীর রাজ্যে যমুনায় ফেলা হচ্ছে করোনায় মৃতদের লাশ

আপডেট : ১০ মে ২০২১, ০৩:০২ পিএম

করোনা মহামারীতে বিধ্বস্ত ভারতের উত্তরপ্রদেশে যমুনা নদীতে প্রায় এক ডজন মরদেহ ভাসতে দেখা গেছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে করোনার প্রকোপ কম দেখানোর অভিযোগের মধ্যে এমন দৃশ্য সামনে এসেছে।

স্থানীয়দের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছেন, করোনায় কার্যত মড়ক লেগেছে যমুনার আশপাশের গ্রামগুলোতে। কিন্তু অনেক পরিবারেরই সৎকারের সামর্থ্য নেই। তাই পরিজনদের মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

হামীরপুর জেলায় যমুনা নদীর ওপর কানপুর-সাগর মার্গ সংযোগকারী একটি সেতুর ওপর থেকে গত বৃহস্পতিবার ওই দৃশ্য চোখে পড়ে।

দেখা যায়, যমুনায় বেশ কিছু মরদেহ ভেসে যাচ্ছে। নদীর কিনারায় আটকে গিয়েছে দু-একটি মরদেহ। সেখানে ভিড় করেছে কাকের দল।

বিষয়টি নজরে পড়তেই খবর দেওয়া হয় পুলিশকেও। ট্র্যাক্টর নিয়ে গিয়ে নদীর তীর থেকে দু’টি দেহ উদ্ধার করে নিয়ে গিয়ে সৎকার করে তারা। ওই দু’টি মরদেহের মধ্যে একটি আধপোড়া ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। একসঙ্গে এত মরদেহ কোথা থেকে এসেছে, করোনায় আক্রান্ত হয়ে সকলের মৃত্যু হয়েছে কিনা, এমন প্রশ্ন উঠছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত