যশোরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্য নিহত

আপডেট : ১২ মে ২০২১, ০৪:৫৯ এএম

যশোরের ঝিকরগাছা উপজেলায় হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে নাজমুল আলম লিটন নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য নিহত হয়েছেন। গত সোমবার দুপুরে বাড়ির পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তিনি মারা যান।

নাজমুল উপজেলার হাজিরবাগ ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল ওহাবের ছেলে এবং ওই গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজের বাড়ির পাশে বাগানে বসে সোমবার দুপুরের দিকে নাজমুলসহ কয়েকজন ককটেল বানাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন নাজমুল। তার দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে গোপন স্থানে রেখে চিকিৎসা দেন। কিন্তু অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে নাজমুলের মৃত্যু হয়।

যশোর পুলিশের মুখপাত্র পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আজ (গতকাল) সকালে লাশ প্রথমে ঝিকরগাছা থানায় নেওয়া হয়। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল তৈরির আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত