মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ৬ জন আটক

আপডেট : ১৭ মে ২০২১, ১২:৩৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। সেই সঙ্গে পারাপারে সহযোগিতা করার জন্য এক দালালকে আটক করা হয়।

সোমবার ভোরে উপজেলার বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খুলনার দাকোপ উপজেলার গুনারী গ্রামের হোসেন গাজীর ছেলে মুসলিম গাজী (৩৭), বান্দরবান সদর উপজেলার দোয়াছড়ি গ্রামের জাফর মিয়ার ছেলে রফিক হোসেন (৩১), তার স্ত্রী নুর ফাতেমা আক্তার (২৭), মেয়ে জামেলা খাতুন (৯), ছেলে ইউসুফ আলী (৬) ও দাউদ হোসেন (২)।

এছাড়া পারাপারে সহযোগিতা করার অপরাধে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ছাদের মন্ডলের ছেলে শফিকুল মন্ডলকে (৩৭) আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি)  সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে একজন বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুসলিম গাজী ও সহযোগিতা করার অপরাধে শফিকুল মন্ডলকে আটক করা হয়।

এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় রফিক হোসেনসহ ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত