রোম যেন গতবারের ফ্রেঞ্চ ওপেন ফাইনালের পুনরাবৃত্তি দেখল। রোলাঁ গ্যাঁরোর ফাইনালের মতো নোভাক জকোভিচকে হারিয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন লাল মাটির রাজা রাফায়েল নাদাল। এ নিয়ে দশবার এই টুর্নামেন্টের শিরোপা জিতলেন এই স্প্যানিয়ার্ড।
রবিবারের ফাইনালে পাঁচবারের বিজয়ী জকোভিচের সঙ্গে নাদালের লড়াইটা হয়েছে দারুণ। প্রথম সেট নাদাল জিতলেও, দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান সার্বিয়ান নাম্বার ওয়ান। শেষেরটি জিতে শিরোপা নিজের করেন নেন নাদাল। ২ ঘণ্টা ৪৯ মিনিটের ফাইনালের স্কোর ছিল: ৭-৫, ১-৬, ৬-৩। ইতালিয়ান ওপেন জয়ের ফলে ফরাসি ওপেনের ড্রেস রিহার্সালটা ভালোভাবেই সেরে নিলেন নাদাল। সার্বিয়ান তারকার ৩৬টি এটিপি মাস্টার্স শিরোপার রেকর্ডকে ছুঁলেন তিনি। বর্তমান সময়ের সেরা প্রতিদ্বন্দ্বীকে হারানোর পর স্প্যানিয়ার্ড কিংবদন্তি বলেছেন, ‘এটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য। আমি দশমবার এই শিরোপা জিতলাম। এটা অবিশ্বাস্য।’
৩১ মে থেকে শুরু ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে দেখা হয় একাধারে আয়োজিত টুর্নামেন্টগুলোকে। মন্টি কার্লোতে আলেকজান্ডার রুবলভের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যান নাদাল। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন স্তেফানোস সিতসিপাসকে ফাইনালে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা জেতেন বিশ্বের দুনম্বর খেলোয়াড়। পরে মাদ্রিদ ওপেনের কোয়ার্টারে আলেকজান্দার ভেরেভের কাছে হেরে যান তিনি। এই ভেরেভ পরবর্তী সময়ে জিতে নেন শিরোপা। রোমে এই ভেরেভকে কোয়ার্টারে বিদায় করে দিয়ে সেমিফাইনালে উঠেছিলেন নাদাল। জকোভিচ হারান সিতসিপাসকে। সেমিতে নাদাল হারান যুক্তরাষ্ট্রের অবাছাই রিলি ওপেলকাকে। আর জকোভিচ হারান ইতালির অবাছাই লরেঞ্জো সলেঙ্গোকে।
সেমিফাইনাল ছিল এটিপি ট্যুরের ৫০০তম ম্যাচ। ফাইনাল ৫০১তম। যার মধ্যে নাদাল জয় পেলেন ৪৫৯তম ম্যাচে। হেরেছেন ৪২ ম্যাচে। ইতালিয়ান ওপেনের ফাইনালে নামার আগে তিনি বলেন, ‘মাদ্রিদ ওপেনে ভেরেভের কাছে হেরেছিলাম। আত্মবিশ্বাস ফেরানোর জন্য জয়টা জরুরি। রোম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে নিয়েছিলাম। নিজের কাজে খুশি। তবে এখনো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে।’ সেই গুরুত্বপূর্ণ কাজটাই জকোভিচকে হারিয়ে সেরে ফেললেন স্প্যানিশ তারকা। একটা ব্যাপারও এই জয়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে, বিশ্ব টেনিস আরও কিছুকাল নাদাল-ফেদেরার-নোভাকরা শাসন করবে। সার্ব তারকা জকোভিচ টেনিসের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম? আমি, নাদাল আর ফেদেরার নতুন করে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছি। তাই আমরাই টেনিসের ভবিষ্যৎ। আগামী দিনের খেলোয়াড়রা উঠে আসছে ঠিকই। কিন্তু বেশিরভাগ মাস্টার্স এবং গ্র্যান্ডস্ল্যাম আমরাই জিতছি।’ রবিবারের ফাইনাল নিয়ে তার মন্তব্য, ‘আমার জীবনে অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী রাফা। এটা আগেও বহুবার বলেছি। প্রতিবার আমাদের দুরন্ত লড়াই হয়। এবার তিন ঘণ্টার লড়াই হলো।’
