করোনা অতিমারীর কারণে এক বছর পিছিয়ে দেওয়া ২০২০ সালের টোকিও অলিম্পিক শুরু হতে বাকি আর মাত্র দু’মাস। কিন্তু জাপানে করোনাভাইরাসের সংক্রমণ এমন বেড়েছে যে সাধারণ মানুষের পর এবার অয়োজনের বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির চিকিৎসকদের সংগঠন। টোকিও মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশনের প্রায় ৬ হাজার চিকিৎসক ইতিমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে চিঠি লিখেছেন। চিঠি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগারকে। তাদের দাবি, সাধারণ মানুষের কথা বিবেচনা করে অলিম্পিক বন্ধ করা হোক। খোলা চিঠিতে তারা লিখেছেন, ‘ভাইরাসের দাপট বেড়েই চলেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কঠিন পদক্ষেপ না নিলে পরিস্থিতি একেবারে আয়ত্তের বাইরে চলে যাবে। এমন অবস্থায় দেশে অলিম্পিক আয়োজন করা উচিত নয়। কারণ অলিম্পিকের জন্য জৈব বলয় গড়া হলেও ভাইরাস সেটা ভেদ করে ঢুকে গেলে ভয়ংকর অবস্থা হবে। দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার আগে আমাদের সাধারণ মানুষের সেবা করা উচিত। সেটাই এই মুহূর্তে প্রধান কাজ। এমন কঠিন অবস্থায় অলিম্পিক আয়োজন করা হলে সেটা জনসাধারণের মধ্যে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই সব দিক ভেবে আসন্ন অলিম্পিক বাতিল করে দেওয়া উচিত।’ এক জরিপে দেখা গেছে জাপানের ৮০ শতাংশ মানুষ এই প্রতিযোগিতার তীব্র বিরোধিতা করছেন।
×
