কর্ণফুলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১৯ মে ২০২১, ০৪:০২ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. মুরাদ (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশর হাজীর বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চরলক্ষ্যা বোর্ড বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন মুরাদ। এ সময় তার সঙ্গে চায়ের দোকানে থাকা কয়েকজন যুবকের বাগ্‌বিতণ্ডা হয়। বাড়াবাড়ির একপর্যায়ে ওই যুবকেরা মুরাদের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত অবস্থায় মুরাদকে প্রথমে উপজেলার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রাবেয়া বসরী বলেন, যারা আমার ছেলেকে খুন করেছে, আমি তাদের বিরুদ্ধে থানায় মামলা করব।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,‘দুই পক্ষের তর্কাতর্কির ঘটনায় মুরাদ নামের একজন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত