নরসিংদীর বেলাবতে নিখোঁজের দুইদিন পর আ. মান্নান (২৫) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের আড়িয়াল খাঁ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আ. মান্নান বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের রাজারামপুর গ্রামের দুলা মিয়ার ছেলে।
তিনি উপজেলার কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতা করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ মে সোমবার সন্ধ্যায় নিহত স্কুলশিক্ষক মান্নানকে পাশের গ্রামের কাজল মিয়ার ছেলে লিটন মিয়া বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই দিন রাত ১১টার দিকে লিটন মিয়া বাড়ি এসে খবর দেয় মান্নানকে পাওয়া যাচ্ছে না। এসময় নিহত মান্নানের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মান্নানের বাবা দুলা মিয়া।
অভিযোগ দায়েরের পর বুধবার সকালে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের আড়িয়াল খাঁ নদের পানিতে ভাসমান অবস্থায় এলাকাবাসী একটি লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে বেলাব ও মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে মান্নানের স্বজনরা মরদেহটি মান্নানের বলে শনাক্ত করে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই আ. হান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেন, লিটন সোমবার সন্ধ্যায় আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ। আগে আমার ভাই মান্নানের সঙ্গে লিটনের টিউশনি নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। আমাদের ধারণা লিটনই আমার ভাইকে হত্যা করেছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আ. মান্নান নামে একজনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য লিটন মিয়া নামে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আর এ ব্যাপারে এখনো মামলা দায়ের করা হয়নি।
