হরিনাকুণ্ডুতে যাত্রীবাহী বাসচাপায় নিহত ২, বাসে আগুন

আপডেট : ১৯ মে ২০২১, ০৯:৫৮ পিএম

ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত হয়ে এলাকাবাসী ওই বাসে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

বুধবার রাত ৮টার সময় ওই উপজেলার জামতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন হরিনাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের মনছের আলী মন্ডলের ছেলে আক্তার হোসেন (৪৫) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের গফুর মেল্লার ছেলে তালেব আলী (৪০)।

নিহত আক্তার হোসেনের শ্যালক মন্টু হোসেন জানান, যাত্রীবাহী বাস ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে হরিণাকুণ্ডু উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় জামতলা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আক্তার হোসেন মারা যান। পরে আহত তালেব আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মোল্লা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় উত্তেজিত হয়ে একাবাসী ওই বাস আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পরে হরিনাকুণ্ডু ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত