কাপ্তাই হ্রদ দখল ও দূষণ রোধে করণীয় নির্ধারণে জেলা নদী রক্ষা কমিটির সভা হয়েছে। এ সময় নতুন করে হ্রদ দখলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন জেলা প্রশাসক।
গতকাল বুধবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য সচিব শিল্পী রানী সাহা, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ কমিটির অন্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, নাব্য কমে যাওয়ায় দিন দিন হ্রদের পানি শুকিয়ে যাচ্ছে, যার ফলে জেলার সঙ্গে ৬টি উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। হ্রদের তীরে বসবাসকারীদের শুষ্ক মৌসুমে যে দখল প্রবণতা দেখা যায় সেই দখল রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ৬ মাসের মধ্যে হ্রদের সীমানা নির্ধারণ ও অবৈধ বসবাসকারীদের তালিকা জমা দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে।
