গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘সাংবাদিক ভাইবোনদের আহ্বান জানাবো- আসুন আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে ভোট ও ভাতের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হই।’
গয়েশ্বর বলেন, ‘তাহলে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে, ক্ষমতায় যারাই থাকুক কারও সঙ্গেই সরকার অন্যায় করতে পারবে না।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রোজিনা ইসলাম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, নারী নেত্রী নিপুণ রায় চৌধুরীসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দাবিতে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘বুঝলাম আপনারা সরকারের দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে লিখতে পারবেন না। তাহলে গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের ভোট-ভাতের অধিকার আদায়ের পক্ষে থাকা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ রাজনীতিবিদদের বিরুদ্ধে পোস্টমর্টেম করে অসত্য লিখেন কেন?’
তিনি বলেন, আজ যদি সাগর-রুনি হত্যার বিচার হতো, তাহলে সাংবাদিক রোজিনা ইসলামকে এভাবে গ্রেপ্তার করার সাহস সরকার দেখাতে পারতো না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নারী নেত্রী নিপুণ রায় চৌধুরীকে মিথ্যা-ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী কারাগারে। তাদের জামিন দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করে সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে না পারি, এই সরকারকে সরাতে না পারি, একে একে এভাবে আমাদের সবাইকে কারাগারে যেতে হবে।’
মহিলা দল আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী প্রমুখ।
