করোনার টিকা মজুত শেষ হওয়ায় টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় ডোজ নেয়া নিয়ে সংশয় বাড়ল ৩৬৯৯ জনের। সোমবার ১০০ জনকে দ্বিতীয় ডোজ দেয়ার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার মজুত শেষ হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দফায় করোনার টিকা আসে ২০ হাজার ৯০ ডোজ। এর মধ্যে প্রথমবার আসে ১৩৫৭০, দ্বিতীয়বার ৪০০ ডোজ এবং তৃতীয়বার আসে ৬১২০ ডোজ।
টিকা নিতে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করেন ১৪ হাজার ৭৩৪ জন। আর টিকার প্রথম ডোজ নেন ১১ হাজার ৮৪৯ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেন ৮১৫০ জন। অবশিষ্ট ৩৬৯৯ জন টিকা নিতে পারেননি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, যারা টিকা নিতে পারেননি তাদের অপেক্ষা করতে হবে। সরকার যত তাড়াতাড়ি সম্ভব টিকা এনে সংশ্লিষ্টদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার চেষ্টা করছে।
