নজরুলের প্রাসঙ্গিকতা সব সময় থাকবে: সেতুমন্ত্রী

আপডেট : ২৫ মে ২০২১, ০১:৪১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা সব সময়ই আছে এবং থাকবে।

আরও বলেন, জাতীয় কবির অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে।

কাজী নজরুলের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নজরুলের প্রাসঙ্গিকতা সব সময়ই আছে এবং থাকবে। তার যে অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী চেতনা, সেই চেতনাকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত