দাউদকান্দিতে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ২৬ মে ২০২১, ০৩:৫০ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাত সন্দেহে অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।  নিহতের  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বার ও দক্ষিণ নগর গ্রামের সোহেল মিয়া জানান, গত রমজান মাস থেকে এ পর্যন্ত ৪টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটে আমাদের গ্রামে। তাই গ্রামবাসী পালা করে রাতে পাহারা দেয়।

মঙ্গলবার রাতে পাহারাদার ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসী দলটিকে ধাওয়া করে। একপর্যায়ে একজন হোঁচট খেয়ে পড়লে তাকে আটক করে পেটায় গ্রামবাসী।

সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আনা হয়েছে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় পিবিআই এবং সিআইডিসহ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত