ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা হত্যা নাকি আত্মহত্যা সেই রহস্য উদঘাটনে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষুব্ধ নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষে কসবা প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সোলেমান খানের সভাপতিত্বে এবং সাংবাদিক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মুহাম্মদ ইদ্রিস ভূঁইয়া, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার, কসবা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, কবি, লেখক ও শিক্ষক মো. জহিরুল ইসলাম স্বপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও ঢাবির ছাত্র নিহত হাফিজুর রহমানের বন্ধু সোহান মাহমুদ।
বক্তারা ঢাবির শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
