স্থগিত আইপিএলের বাকি ৩১ ম্যাচ ১৯-২০ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফাইনাল হতে পারে ৯ কি ১০ অক্টোবর। ২১ দিনের মধ্যে ম্যাচগুলো সেরে ফেলতে চায় তারা। সে ক্ষেত্রে ১০ দিন দুটি করে ম্যাচ আয়োজন করতে হবে। বাকি সাত দিন একটি করে ম্যাচ আর চারটি প্লে অফ। এ ছাড়া উপায় নেই। কারণ ১৮ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটাও কিন্তু ভারতে নয়, আমিরাতেই করতে হবে। কারণ, তাহলে একই বায়োবাবলে থেকে আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটাররা বিশ্বকাপে অংশ নিতে পারবেন। ভারতের ইংল্যান্ড টেস্ট সফর শেষ হবে ১৪ সেপ্টেম্বর। সেখান থেকেও যদি আরব আমিরাতে উড়ে যান কোহলিরা তবু তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আইপিএল সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তারিখ বদল হতে পারে। কারণ ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর সিপিএল হওয়ার কথা।
সবকিছুই বিসিসিআইয়ের ২৯ মে’র বিশেষ জরুরি সভায় সিদ্ধান্ত হবে।
