সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাবনার নূরপুর বিএডিসির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নরসিংদীর সাজ্জাদ হোসেন ভূইঁয়া (৪৮) নিহত হয়েছেন।
উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএডিসির পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সিগঞ্জের এবিএম মাহমুদ হাসান খাঁন (৪০) ও গাড়িচালক পাবনার সাইফুল ইসলাম (৩২) আহত হন।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম জানান, এদিন সকাল ৭টার দিকে পিকআপটি ঘটনাস্থলে পৌঁছালে অকস্মাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ফলে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় পাবনার নূরপুর বিএডিসির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নরসিংদীর সাজ্জাদ হোসেন ভূইঁয়া, বিএডিসির পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সিগঞ্জের এবিএম মাহমুদ হাসান খাঁন ও গাড়িচালক পাবনার সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পাবনা বিএডিসির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূইঁয়াকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের একটি দলও উদ্ধার কাজ শুরু করে।
এই বিষয়ে পাবনার নূরপুর বিএডিসির সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঢাকার মতিঝিলের কৃষি ভবনে একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে এ সময় তারা পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই ফিরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি।
এ ছাড়া নিহত পাবনা বিএডিসির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়ার লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
