বাংলাদেশ বিমানবাহিনীর ১১৬তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বনানী অফিসার্স ম্যাসের ফ্যালকন হলে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম।
প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. শরীফ মোস্তফা তাকে স্বাগত জানান। কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) অধিনায়ক তার স্বাগত ভাষণে ১১৬তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
