শিউলীর গোলে শীর্ষস্থান মজবুত বসুন্ধরার

আপডেট : ২৮ মে ২০২১, ০২:৪৪ এএম

মেয়েদের প্রিমিয়ার লিগে এবার শুরু থেকেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে চ্যালেঞ্জ জানাচ্ছিল আতাউর রহমান ভূইয়া কলেজ। প্রথম তিন রাউন্ডে দুই দলই নিজেদের ম্যাচগুলোতে জয় তুলে নেয়। চতুর্থ রাউন্ডে দুই দলের মুখোমুখি দেখায় হলো দারুণ লড়াই। শিউলী আজিমের করা একমাত্র গোলে ম্যাচে শেষ হাসি হাসল বসুন্ধরাই। সুবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মজবুদ করল শীর্ষস্থান।

চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা। সমান ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া আতাউর রহমান ভূইয়া কলেজ ৯ পয়েন্ট নিয়ে থাকল দ্বিতীয় স্থানে।

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন বসুন্ধরার ডিফেন্ডার শিউলী। ডি-বক্সে কৃষ্ণা রানী সরকার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় কিংস। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি জাতীয় দলের অন্যতম তারকা শিউলী।

বসুন্ধরা তাদের প্রথম তিন ম্যাচে করেছিল ৩১ গোল। উদ্বোধনী ম্যাচে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবকে ১৪-০১ গোলে বিধ্বস্ত করে দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংসরা ১১-০ গোলে হারায় কাচিঝুলি স্পোর্টিং ক্লাবকে। তৃতীয় ম্যাচে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ৬-০ গোলে হারায় কিংসরা।

বৃহস্পতিবার দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা ইউনাইটেড। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে ইলা মনি ও কুমিল্লার পক্ষে রেহেনা আক্তার গোল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত