ট্রেনের সঙ্গে ধাক্কা: মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২১, ০৭:৫০ পিএম

চাঁদপুরে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী মো. মেহেদী হাসান রুবেল (২৮) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় মো. রাজন খান নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়েছে।

শনিবার দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস মুন্সিবাড়ি রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটেছে। রুবেল চাঁদপুর জেলা ছাত্র লীগের সদস্য ও পৌর ১৩ নং ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রুবেল মোটরসাইকেল চালিয়ে রাজনকে নিয়ে শেখেরহাট যাচ্ছিল। এ সময় ওয়ারলেস মুন্সিবাড়ি এলাকা অতিক্রম করার সময় সাগরিকা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে রুবেলের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদুল করিম জানান, রুবেলের মাথার বাটি আলাদা হয়ে মগজ বের হয়ে গিয়েছিল। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শ্বাসপ্রশ্বাস এবং হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর আহত রাজন খানের বাম পাশের হাত-পা ভেঙে গেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন পাঠান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত