স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে দোজার প্রামাণ্যচিত্র

আপডেট : ২৯ মে ২০২১, ০৯:৪১ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলার শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে ৮ দিনব্যাপী (৪-১১) জুন২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১। এর উদ্বোধনী অনুষ্ঠানের দিনে প্রদর্শিত হবে তরুণ চলচ্চিত্র নির্মাতা মো. রাসেল রানা (দোজা) পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘হাউসের ধুয়া’। লোকসংগীতের প্রাচীনতম জনপ্রিয় ধারা ধুয়া গানকে কেন্দ্র করে এই চলচ্চিত্রের দেখানো হয়েছে কর্মজীবনের সঙ্গে সংগীতের অবিচ্ছেদ্যতার চিত্র। আরও তুলে ধরা হয়েছে এই গানের পরিবেশন রীতি, গানের বিষয়বস্তু, ব্যবহৃত বাদ্যযন্ত্র, গান রচনার প্রেক্ষাপট, শিল্পীদের বিভিন্ন জায়গায় এ গান পরিবেশন করার অভিজ্ঞতার চিত্র। বিলুপ্তপ্রায় এই লোকসংগীত এর উপর নির্মিত প্রামাণ্যচিত্রটিতে বাংলার নিজস্ব সংস্কৃতির স্বরূপ সন্ধানের চেষ্টায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রদের একটি বড় দল দীর্ঘদিন কাজ করেছে জামালপুর জেলার মেলান্দহ থানার রেখির পাড়া, তেলিপাড়া ও পলাশতলা গ্রামের লোকশিল্পীদের নিয়ে। চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মানজারে হাসীন মুরাদ এর তত্ত্বাবধানে  চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি গবেষণা ও চিত্রনাট্য রচনা করেন নির্মাতা নিজেই।

উল্লেখ্য এই চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রযোজনায় নির্মাতার চলচ্চিত্র নির্মাণ ও প্রশিক্ষণ বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের তৃতীয় সেমিস্টারের ফাইনাল প্রোডাকশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত