বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘পাশাপাশি বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত থেকে যারা জীবন দিয়েছেন বিনম্র শ্রদ্ধায় তাদের আত্মার শান্তি কামনা করি।’
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৮ সালে এক দূরদর্শী সিদ্ধান্তে জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণ করেন। দেশের তৎকালীন সকল বিরোধী দল জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর বিরোধিতা ও হরতাল পালন করে। এসময় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকল বাধা উপেক্ষা করে জাতিসংঘে সৈন্য প্রেরণ করেন।’
