বিএনপির লোকেরা খালেদা জিয়ার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছে : জাফরুল্লাহ

আপডেট : ৩০ মে ২০২১, ০২:১১ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমি মনে করি বিএনপির লোকেরা খালেদা জিয়ার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছে। এ জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। খালেদা জিয়া এত দিন জেলে, অথচ বিএনপির কর্মকান্ড দেখে মনে হয় সরকার তাদের এলএসডি খাইয়ে দিয়েছে। তারা যে এলএসডি খাননি, তা প্রমাণ করতে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির রাস্তায় নামা উচিত।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সংকট : উত্তরণ কোন পথে’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। একজন মৃত ব্যক্তির জন্য ১৫ দিনের কর্মসূচি করছে, আর জীবিত খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ। ওনার যেসব লক্ষণ দেখছি, আগামী নির্বাচন পর্যন্ত সময় পাবেন কি না, যথেষ্ট সন্দেহ আছে। আমরা দোয়া করি যেন উনি বেঁচে থাকুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত