করোনার ভারতীয় ধরন ঠেকাতে ঠাকুরগাঁও জেলার চারটি উপজেলার সীমান্ত ইতিমধ্যেই সিলগালা করেছে প্রশাসন। এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে জেলার নেই কোনো আইসিইউ, ভেন্টিলেটর থাকলেও নেই দক্ষ জনবল।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত ঠাকুরগাঁওয়ে এক হাজার ৬শ ৭২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫শ ৭০ জন। মারা গেছেন ৩৬জন। বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে কোভিড-১৯ এ আক্রান্ত ৭ জনসহ জেলার চারটি উপজেলা হেলথ কমপ্লেক্স এবং হোম আইসোলেশানে ৬৬ জন নারী-পুরুষ চিকিৎসাধীন রয়েছেন।
করোনা মোকাবিলায় ঠাকুরগাঁওয়ের হাসপাতালের করোনা ইউনিট ঢেলে সাজালেও এখানে নেই আইসিইউ ব্যবস্থা। এই ইউনিটে ভেন্টিলেটর থাকলেও নেই দক্ষ জনবল। ফলে কার্যত তা কোনো কাজে আসছে না। অন্যদিকে, অক্সিজেন প্ল্যান্ট স্থাপন হলেও ৫ মাসেও চালু করা হয়নি।
সূত্র আরও জানায়, সদর হাসপাতালে মাল্টি সিলিন্ডার সিস্টেম রয়েছে। তবে তরল অক্সিজেন প্ল্যান্ট জুন মাসে চালু হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শুধু মাত্র রেমডিসিভির ইনজেকশন কিনতে হচ্ছে। অন্য ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনরা।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল বলেন, হাসপাতালে এই মুহূর্তে আইসিইউ থাকাটা অপরিহার্য। সদর হাসপাতালে ভেন্টিলেটর আছে, কিন্তু দক্ষ জনবলের অভাবে চালু করা যায়নি ।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের ভারতীয় ধরনের বিস্তার ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হবে। বাস-ট্রাক, পশুর হাটসহ সব জায়গায় মানুষ স্বাস্থ্য বিধি না মেনে চলায় উদ্বেগ প্রকাশ করে তিনি।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সদর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট রয়েছে। এ ছাড়া উপজেলা হেলথ কমপ্লেক্সেও আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।
জেলা সদর হাসপাতাল ও উপজেলা হেলথ কমপ্লেক্সে আইসিইউ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
করোনা ভাইরাসের ভারতীয় ধরন নিয়ন্ত্রণ করতে সীমান্তবর্তী উপজেলায় কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, সীমান্ত এলাকায় সিলগালা করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
