লক্ষ্মীপুরে মেঘনার তীর সংরক্ষণে ব্যয় হবে ৩০৮৯ কোটি টাকা

আপডেট : ০২ জুন ২০২১, ০৯:৩২ এএম

৩ হাজার ৮৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পণ্ডিতের হাট এলাকা ভাঙন হতে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রেস ব্রিফিংয়ে প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, একনেকে ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প ব্যয়ের ৫ হাজার ৪ কোটি ৩৯ লাখ টাকা পাওয়া যাবে সরকারি তহবিল থেকে এবং বাকি ২৪৯ কোটি ৯৩ লাখ বৈদেশিক ঋণ থেকে ব্যয় করা হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ড ফেব্রুয়ারি ২০২১ হতে জুন ২০২৫ মেয়াদে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পণ্ডিতের হাট এলাকা ভাঙন হতে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এম এ মান্নান আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন কৃষি জমি, বাজার, স্কুল-কলেজ, মাদ্রাসা, সড়ক ও বিভিন্ন সরকারি-বেসরকারি অবকাঠামো ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। একইসঙ্গে ১৫ হাজার হেক্টর এলাকা পরিবেশগত উন্নয়নের মাধ্যমে জনগণের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

তিনি জানান, প্রকল্পের আওতায় মেঘনা নদীর বামতীর বরাবর ভাঙন কবলিত ৩১ দশমিক ৩২ কিলোমিটার প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত