ভারতীয় ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি নামটি অমর হয়ে থাকবে। শুধু একজন সফল ক্রিকেটারই নন, ক্রিকেট ইতিহাসেই অন্যতম সফল অধিনায়ক ধোনি। তবে সেই ধোনিকেই নাকি শুরুতে নিজের দলে খেলাতে চাননি সৌরভ গাঙ্গুলি!
এমন কথা ফাঁস করেছেন, ভারতের সাবেক ক্রিকেটার ও এক সময়ের প্রধান নির্বাচক কিরণ মোরে। রাহুল দ্রাবিড়ের পরে সময়ের সঙ্গে তাল মেলাতে এমন একজন উইকেটকিপারের খোঁজে ছিল ভারতীয় দল, যে ব্যাট হাতে নিচের দিকে নেমে দ্রুত গতিতে রান করতে পারে।
সেই খোঁজেই ধোনির সন্ধান পান তৎকালীন প্রধান নির্বাচক কিরণ মোরে। তবে ২০০৩-০৪ মৌসুমে দলীপ ট্রফির ফাইনালে ধোনিকে খেলানোর জন্য সৌরভকে প্রায় ১০ দিন ধরে বোঝাতে হয়েছিল মোরেকে।
ধোনিকে ইস্ট জোনের দলে উইকেটকিপার হিসাবে খেলাতে চেয়েছিলেন মোরে। সেই ঘটনার কথা মনে করে সম্প্রতি এক সাক্ষাৎকারে মোরে বলেন, ‘ও (ধোনি) সর্বপ্রথম আমার এক সহকর্মীর নজরে পড়ে। আমি যে ম্যাচে ওর খেলা দেখতে যাই, সেই ম্যাচে দলের ১৭০ রানের মধ্যে ও একাই ১৩০ করে।’
‘ধোনিকে দলীপ ট্রফির ফাইনালে খেলাতে চেয়েছিলাম আমরা। আমাদের মধ্যে দীপ দাশ গুপ্ত এবং ধোনিকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময় কলকাতা থেকেই দীপ দাশ গুপ্ত জাতীয় দলে খেলে ফেলেছেন। দীপ দাশ গুপ্তকে না দিয়ে ধোনিকে দিয়ে যাতে উইকেটকিপিং করানো হয়, এই বিষয়ে সৌরভের মত আদায় করতে ১০ দিন লেগে গিয়েছিল আমাদের।’
তবে সুযোগ পেয়ে মোরের মান রাখেন ধোনি, ‘সেই ম্যাচে ধোনি আশিস নেহরাসহ নর্থ জোনের সকল বোলারদের বিপক্ষে বিধ্বংসী মেজাজে ব্যাট করে। ফলস্বরূপ ওকে কেনিয়াতে পাকিস্তান ও কেনিয়ার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে ভারতীয় ‘এ’ দলের হয়ে পাঠানো হয়। ওই সিরিজে ও ৬০০ মতো রান করে এবং পরবর্তীকালে কী হয় তা সকলেই জানে।’
