কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘স্মার্টফোন কিনে না দেয়ায়’ বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রানা মিয়া (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোর ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষক নাছির উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায়।
তিনি জানান, নিহত রানা মিয়া আগে থেকেই তার বাবা-মায়ের কাছে একটি স্মার্টফোনের বায়না ধরে আসছিলেন। তবে দরিদ্র কৃষক বাবা জমির ফসল তুলে, তা বিক্রি করে ফোন কিনে দিতে চেয়েছিলেন। ওই কিশোর বুধবার বিকেলেও তার বাবার কাছে আবারও ফোনের বায়না ধরেন।
তার বাবা বুধবার ছেলেকে ফোন কিনে দিতে চেয়ে বাজারে চলে যান। রাতে ওই কিশোর তার শয়নকক্ষের ধর্ণায় রশি বেঁধে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তার মামা শফিকুল এসে ভাগনেকে ডাকতে শুরু করেন। ভাগনের কোনো সাড়াশব্দ না পেয়ে, ঘরের বেড়া ভেঙে প্রবেশ করেন। ঘরের ধর্ণায় রশি বাঁধা অবস্থায় রানা মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি রাজিব কুমার জানান, নিহত ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
