নগরীর কোনো শিশুই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে না বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার দুপুরে তিনি নিজ বাসভবনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিসিসি মেয়র বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে যেন একটি শিশুও বাদ না যায় সে জন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের লোকজন কাজ করে যাচ্ছে। ৫ থেকে ১৯ জুন পর্যন্ত নগরীর ৪৩৯টি কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন শিশুকে এ টিকা খাওয়ানো হবে।
গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহ জানান, শনিবার থেকে থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুর মহানগরীতে ৬-১১ মাস বয়সী ৩১ হাজার ৫৩৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪১ হাজার ৮১৩জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ১৭৩জন স্বাস্থ্য কর্মী ও ৮৩৬ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
