ভারতে সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২১, ১১:০৭ এএম

ভারতে করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণ ১ লাখ ২০ হাজারের গণ্ডিতে নেমে এসেছে। তবে একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে সাড়ে ছয়শ’র বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৫২৯ জন যা গত ৫৮ দিনে সর্বনিম্ন।

ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত ৩ দিন ধরে ছিল ১ লাখ ৩০ হাজারের ওপরে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৮৭৯ জনে।

সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে। দু’দিন ৩ হাজারের নিচে থাকার পর গত ২৪ ঘণ্টায় তা আবার বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে।

একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ছাড়াল।

আনন্দবাজার জানায়, শনাক্ত রোগী কমার পাশাপাশি সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৫.৭৮ শতাংশ। সেই সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ১৬ লাখের নিচে।

দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী কমলেও মৃত্যুর সংখ্যায় রাশ টানা যাচ্ছে না। করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হচ্ছে অনেক বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত