পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

আপডেট : ০৫ জুন ২০২১, ০৫:৪৬ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো অভ্যাসগুলো জানানো এবং শেখানো। সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, আসুন যারা পরিবেশ ধ্বংস করে, প্রকৃতির বিরুদ্ধে কাজ করে, প্রকৃতিকে ধ্বংস করে তাদের বিরুদ্ধে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই।   

তিনি বলেন, আমরা পরিবেশ-প্রকৃতিকে ধ্বংস করছি প্রকারান্তরে আমরা আমাদের অস্তিত্বকেই ধ্বংস করছি, এটিই হচ্ছে বাস্তব সত্য। পরিবেশ প্রকৃতিকে ধ্বংস করার মধ্য দিয়ে মানুষ ক্রমাগতভাবে নিজের অস্তিত্বকেই ধ্বংসের মুখে দ্বার করাচ্ছে। সুতরাং আমাদের নিজের প্রয়োজনেই পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে।

আজ শনিবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ঢাকা শহরের দুই কোটি মানুষ এবং চট্টগ্রাম শহরের প্রায় আশি লাখ মানুষ যদি মনে করে আমি যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলব, পরিচ্ছন্নতা কর্মীরা সেটি পরিষ্কার করবে। তাহলে সেই শহর কখনো পরিষ্কার রাখা সম্ভব হবে না।  সে জন্য পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র ও পরিবেশকর্মী হিসেবে সবার প্রতি বিনীত নিবেদন জানাই, প্রত্যেকেই যেন তিনটি করে গাছ লাগাই। এটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্লোগান। একই সঙ্গে নিজের প্রয়োজনে পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করি, তাহলেই মানুষ এই পৃথিবীতে টিকে থাকবে।

তিনি বলেন, সারা দেশে প্রধানমন্ত্রী তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশে আসার পর ১৯৮৩ সাল থেকে আওয়ামী লীগের উদ্যোগে সারা দেশে কৃষক লীগের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রত্যেকে একটি বনজ, ফলদ ও ভেষজ গাছ লাগাবেন, এটি তারই স্লোগান। দেশে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে করোনাভাইরাসের বিষয়েও ব্যাপকভাবে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে একটি বিশেষ প্রাণী থেকে মানুষের শরীরে এই করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। সব ধরনের প্রাণীকে নিজের প্রয়োজনে ব্যবহার করা, সব ধরনের প্রাণী খেয়ে ফেলা এটির কারণে আজকে আমরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছি। করোনা কীভাবে আজকে মানুষকে পর্যুদস্ত করেছে, সেটি সবাই অনুভব করছি।

তিনি বলেন, যে বাতাস ছাড়া মানুষ টিকতে পারে না, সেই অক্সিজেনটুকু আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছি না। অক্সিজেন গ্রহণের জন্য আমাদের যে শ্বাসতন্ত্র সেটিকে আবরণ দিয়ে ঢেকে রাখতে হচ্ছে, এটি আমাদের কারণেই হয়েছে। আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু এত উন্নতির পরেও আমরা দেখলাম করোনার কাছে আমরা কি রকম অসহায়। এটির প্রধান কারণ হচ্ছে সবকিছুকে নিজের প্রয়োজনে ব্যবহারের মানুষের যে মনোবৃত্তি, অন্য প্রাণীর প্রয়োজনটাকে কোনোসময় মাথায় না রাখা, পরিবেশ-প্রকৃতিকে ধ্বংস করা। এটির কারণে আমরা বারে বারে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত