নারীকে দিয়ে মেসেজিং অ্যাপ ইমো’র মাধ্যমে সম্পর্ক করে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় আশুলিয়ায় নারীসহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক ইকবাল হোসেন।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট ও বাইপাইলের কোহিনুর গেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকেরা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সিলিমপুর গ্রামের হাসি আক্তার (২৮), নাটোর জেলার নলডাঙ্গা থানার তোপাপুকুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫), পাবনা জেলার সুজানগর থানার পয়রান গ্রামের নজরুল ইসলামের ছেলে হৃদয় (১৮) ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা উত্তর পাড়া গ্রামের বাবি কাদের খানের ছেলে ফিরোজ আল মামুন (২৭)।
পুলিশ জানায়, ভুক্তভোগীর সাথে মেসেজিং অ্যাপ ইমো’র মাধ্যমে বন্ধুত্ব করে প্রতারকরা। পরে কৌশলে বাসায় ডেকে নিয়ে মারধর করে এবং মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগী ওই যুবকের কাছ থেকে দেড় লাখ টাকা ও মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেখে দেয়। সম্মানহানির ভয়ে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে আসেন ভুক্তভোগী। এর কয়েক দিন পর মেসেজের মাধ্যমে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অভিযোগ দেন ওই যুবক।
পরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সেই মেসেজের মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণের ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন। তাদের আটকে চেষ্টা চলছে।
