ডাচ মিডফিল্ডার জিওর্জিও উইনাল্ডামকে লিভারপুল থেকে বার্সেলোনায় আনার চেষ্টা করছিলেন রোনাল্ড কোম্যান কাতালান ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই। গত মৌসুমে পারেননি। লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ (৩০ জুন) হতে যাওয়া ফ্রি ট্রান্সফারে এবার তাকে দলে নিতে চলেছে বার্সা এমনটাই জানা গিয়েছিল। কিন্তু মউরিসিও পচেত্তিনো বিশাল অংকে জিনিকে পিএসজিতে ‘ছিনতাই’ করে নিয়েছে বলে খবর দিয়েছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। পিএসজি তাকে বার্সার চেয়ে দ্বিগুণ অর্থ প্রস্তাব করায় রাজি হয়ে গেছে উইনাল্ডাম। ইতালিয়ান বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো আগে জানিয়েছিলেন, বার্সেলোনাকে মৌখিকভাবে কথা দিয়েছেন উইনাল্ডাম। সেই রোমানোই জানালেন, পচেত্তিনো ৫৬ ঘণ্টায় বেশ কয়েকবার ফোন করেছেন উইনাল্ডামকে। এই আর্জেন্টাইনের সঙ্গে ২০১৬ থেকে যোগাযোগ উইনাল্ডামের। ফেইনুর্ড, পিএসভির হয়ে ডাচ লিগ খেলে নিউক্যাসলে যোগ দিয়েছিলেন তিনি। পচেত্তিনোর কোচিংয়ের প্রশংসা করে ২০১৬-তে টটেনহ্যামে যোগ দিতে চেয়েছিলেন মিডফিল্ডার। কিন্তু শেষ পর্যন্ত ভালো অফারে লিভারপুলে যোগ দেন। ইন্টারনেট।
×
