নতুন রূপে চালু হয়েছে ‘জয়িতা’

আপডেট : ০৭ জুন ২০২১, ০৭:৩২ পিএম

করোনা মহামারিতে অনেক দিন বন্ধ থাকার পর নব-উদ্যমে চালু হয়েছে ‘জয়িতা’। রাজধানীর ইস্কাটনে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থিত এই রেস্তোরাঁটি অনলাইন ডেলিভারি সার্ভিসও চালু করেছে। নামকরণেও এসেছে পরিবর্তন। রেস্তোরাঁটি নতুন নামকরণ করা হয়েছে 'জয়িতা: বাংলার স্বাদ'।

বর্তমানে রেস্তোরাঁটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন বরেণ্য অভিনেত্রী ও সংগঠক ফাল্গুনি হামিদ ও তার মেয়ে অভিনেত্রী তনিমা হামিদ।

অভিনেত্রী তনিমা হামিদ দেশ রূপান্তরকে বলেন, করোনা মহামারির জন্য এই রেস্তোরাঁটি অনেক দিন বন্ধ ছিল। এখন নব-উদ্যমে শুরু হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনলাইনে অর্ডারের মাধ্যমে খাবার ডেলিভারি প্রক্রিয়াও শুরু করেছি। সবার সহযোগিতায় ‘জয়িতা: বাংলার স্বাদ’ এগিয়ে যাবে বলেই আমরা বিশ্বাস করি।

বিদেশে পাচার হওয়া এবং নির্যাতিত অসহায় নারীদের পুনর্বাসনের লক্ষ্য নিয়ে ২০১৪ সালে চালু হয় ‘জয়িতা’। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি অনুযায়ী নির্যাতিত নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই রেস্তোরাঁয় কাজ করার জন্য উপযোগী করে গড়ে তোলা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়িতা পরিচালিত হয় নির্যাতিত নারীদের দ্বারা এবং এর লভ্যাংশ ব্যয় করা হয় নির্যাতিত নারীদের কল্যাণে। পাচার ও নির্যাতনের শিকার নারীরা উদ্ধারের পর অনেক সময় সামাজিক অনেক কুসংস্কারের কারণে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। অনেক সময় পরিবারও তাদেরকে ভালোভাবে গ্রহণ করতে চায় না। এ কারণেই এ উদ্যোগ।

কেউ অনলাইনে অর্ডার করতে চাইলে- ০১৯১২ ১৪১৯৩৩ অথবা ০১৯৭১ ৫২৮৩১৮ এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত