মোহাম্মদ নাসিম ছিলেন দুঃসময়ের কান্ডারি : নানক

আপডেট : ০৯ জুন ২০২১, ০১:৩৯ এএম

মোহাম্মদ নাসিম দুঃসময়ের কান্ডারি ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘দল ও দেশের দুঃসময়ে তিনি (নাসিম) সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সংকট কাটাতে নেতৃত্ব দিয়েছেন।’

গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

নানক বলেন, ‘মোহাম্মদ নাসিমের অসামান্য সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণ আমাদের মুগ্ধ করেছে। বাস্তবজীবনে তিনি ছিলেন কল্যাণমুখী চিন্তার অধিকারী। সব সময় তার এলাকা সিরাজগঞ্জের উন্নয়নে চিন্তা করতেন। সময়-সুযোগ পেলেই নিজ এলাকায় ছুটে যেতেন। করোনার সময়ও আমাদের নিষেধ উপেক্ষা করে তিনি সিরাজগঞ্জে ছুটে গিয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। তার এই অকাল চলে যাওয়ার ক্ষতি কোনোভাবেই পুষিয়ে ওঠার মতো নয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বস্ত সহযোগী হারিয়েছেন। আমরাও একজন অভিভাবক হারিয়েছি।’

স্মরণসভায় সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ‘বাবা সব সময়ই সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। করোনার মধ্যেও নিষেধ না শুনে সাধারণ মানুষের খোঁজখবর নিতে ছুটে গিয়েছেন। এরপর তিনি করোনা আক্রান্ত হয়ে সেরে উঠলেও পরে আবার স্ট্রোক করেন এবং এই জটিলতায় মারা যান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত