রাজশাহীতে স্বামীসহ পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা করেছেন পুলিশের এক নারী এসআই। গতকাল বুধবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ওই এসআই (৩৫) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মহানগর শাখায় কর্মরত। আসামিরা হলেন, ঐ নারী পুলিশ সদস্যের স্বামী এসআই ওবাইদুল কবির সুমন (৩৫) ও আরেক নারী এসআই পলি আক্তার (৩০)।
এসআই ওবাইদুল কবির ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত। আর এসআই পলি কর্মরত রয়েছেন ঢাকার নবাবগঞ্জ থানায়। আদালতে বাদীর পক্ষে রাজশাহী জেলা জজ আদালতের আইনজীবী মোখলেসুর রহমান স্বপন মামলার নথিপত্র উপস্থাপন করেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করেছেন। তিনি আগামী ৭ জুলাইয়ের মধ্যে পুলিশি প্রতিবেদন দাখিলের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আর্জিতে বলা হয়েছে, ২০১৬ সালে এসআই ওবাইদুলের সঙ্গে নারী এসআইয়ের বিয়ে হয়। তিনি নিজের স্ত্রীকে চাকরি ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। বাধ্য হয়ে ওই নারী এসআই ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন। নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আদালত থেকে তিনি এখনো কোনো নথিপত্র পাননি। তাই মামলার বিষয়ে জানেন না। নথিপত্র হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
