খেলার মাঠ ও উন্মুক্ত স্থান কোনোভাবেই কোনো ভবন নির্মাণের জন্য দেওয়া যেতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর যাত্রাবাড়ী শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মেয়র শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘আমরা বারবার গণপূর্তকে চিঠি দিয়েছি, র্যাব কর্তৃপক্ষ, মন্ত্রীর (স্বরাষ্ট্র) সঙ্গে কয়েক দফা আলাপ করেছি। খেলার মাঠ, উন্মুক্ত স্থান এগুলো কোনোভাবেই কোনো ভবন নির্মাণের জন্য দেওয়া যেতে পারে না। প্রধানমন্ত্রীর এ ব্যাপারে নির্দেশনা আছে, সেটাও আমি সবার নজরে এনেছি। আমি আশা করব, তারা সেটা সবাই অচিরেই ছেড়ে দেবে। ১১ নম্বর ওয়ার্ডে কোনো খেলার জায়গা নেই। খেলার জায়গা শুধু ওই জমিটাই ছিল। সেটা যেন আমরা আবার ছেলেমেয়েদের খেলার উপযোগী করে উন্মুক্ত করে দিতে পারি।’
জলাবদ্ধতা নিরসনে কর্মপরিকল্পনা অনুযায়ী ব্যাপক কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমাদের স্বল্পমেয়াদি কাজ হলো, স্তূপ আকারে যে বর্জ্য ছিল সেগুলো পরিষ্কার করা। যাতে করে পানি নিষ্কাশন ও পানিপ্রবাহের সুযোগটা হয়। মধ্যমেয়াদি আমরা কিছু কার্যক্রম নিয়েছি, সেটা হলো, যেখানে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, নর্দমাগুলোকে সম্প্রসারণ করা প্রয়োজন, আধারের জায়গাটা সম্প্রসারণ করা প্রয়োজন, সেসব জায়গায় অবকাঠামো উন্নয়ন করা।
