সাভারে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা কলে লাশ পাট ক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটস্থল থেকে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়ার চক থেকে লাশ দুটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহতরা হলেন- বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়া উত্তরপাড়া এলাকার রতনের ছেলে রায়হান (১৭) এবং একই এলাকার নেছারমোল্লার ছেলে নাজমুল (১৮)। তারা সম্পর্কে খালাতো ভাই।
রায়হান হেমায়েতপুরের উত্তর যাদুরচর এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় আল-নাছির ল্যাবরেটরি স্কুলে লেখাপড়া করছিলেন। তিনি এসএসসি পরীক্ষার্থী।
অন্যদিকে তার খালাতো ভাই নাজমুল বরিশাল থেকে তাদের বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে হারুলিয়া এলাকার চকে পাট ক্ষেতে কৃষকরা দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানায় খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার পরে বাসা থেকে বের হয়ে দুজন আর ঘরে ফেরেননি বলে জানা গেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে দুই যুবকের নাম রায়হান ও নাজমুল বলে জানা গেছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, গত পাঁচ দিনে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। বাকি দুজন আত্মহত্যা করেছিলেন।
