কবরস্থানে নতুন সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

আপডেট : ১১ জুন ২০২১, ১০:০৬ পিএম

চট্টগ্রাম নগরীতে একটি কবরস্থানে নতুন সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলিতে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন গুলিবিদ্ধ।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন চসিকের ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ চারজন হলেন- মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) এবং মো. ফয়সাল (২৮)। এছাড়া সংঘর্ষে আহতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮) রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন (২৫) এবং মো. সামাদ (২২)।

বাকলিয়া থানার ওসি রুহুল আমীন বলেন, ওই এলাকার বড় মৌলভির বাড়ি সংলগ্ন একটি কবরস্থান রয়েছে। সেখানে নতুন করে সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে মৌলভি বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

তিনি বলেন, সকালে বড় মৌলভি বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা মিলে সেখানে সাইনবোর্ড লাগাতে যায়। তখন ইয়াকুব আলীর সমর্থকেরা গিয়ে তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে সংঘর্ষ শুরু হয়। সেখানে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।

এদিকে, সংঘর্ষে আহতদের বেলা ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুরে আহতদের নিয়ে আসা হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের ২০ ও ২৫ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করেন। এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ রয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত