গৃহকর্মীকে গায়ে ভাতের মাড় ঢেলে নির্যাতন

আপডেট : ১২ জুন ২০২১, ০২:২৫ এএম

কাপড় ধোয়ার জন্য গুঁড়া সাবান চাওয়ায় রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর গায়ে ফুটন্ত ভাতের মাড় ঢেলে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তানিজা রহমান সুরভী (২৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ওই গৃহকর্মীর নাম নিয়াসা (১৮)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার এসআই কাঞ্চন রায়হান জানান, শুক্রবার জুমার নামাজের পর ৯৯৯-এ খবর আসে উত্তরার ৯ নম্বর সেক্টরের, ৭-সি-২০ নম্বর এই বাড়ির দ্বিতীয় তলায় একজন গৃহকর্মীর গায়ে দু’দিন আগে গরম পানি ঢেলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ওই বাড়িতে গিয়ে ভিকটিম নিয়াসাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় গৃহকর্ত্রীর মেয়ে তানজিনা রহমান সুরভিকে (২৭) আটক করা হয়। নিয়াসার গলায় ও ঘাড়ে গরম পানি ঢেলে দেওয়ায় ক্ষত দেখা যায়।

এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত দুই দিন আগে তার গায়ে গরম পানি ঢেলে দিয়েছে গৃহকর্ত্রী। ৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা তাকে উদ্ধার করি। ঘটনাটি দুদিন আগের হলেও ওই বাসায়ই গৃহকর্মীকে চিকিৎসা দিতে নিয়ে গেলে একজন চিকিৎসক ৯৯৯-এ ফোন দেন। নিয়াসার শরীর ৫ শতাংশ দগ্ধ হয়েছে। শেখ হাসিনা ইনস্টিটিউটে চিকিৎসা শেষে মেয়েটিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’ দগ্ধ গৃহকর্মী নিয়াসা জানায়, এক বছর যাবৎ সে ওই বাসায় কাজ করে। গত রবিবার সুরভীর কাছে কাপড় ধোয়ার জন্য গুঁড়া সাবান চায়। গুঁড়া সাবান বেশি খরচ হয় কেন এসব বলে সে গ্যাসের চুলায় থাকা ফুটন্ত ভাতের মাড় নিয়াসার শরীরে ঢেলে দেয়। সে যন্ত্রণায় ছটফট করলেও তার কোনো চিকিৎসা করায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত