মাদারীপুরে দামি মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শফিকুল আকন (১৫) নামে এক দশম শ্রেণির এক শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চ্যাপলার বাড়ি এলাকায়।
নিহত শফিকুল সদর উপজেলার একই এলাকার তালেব আকনে ছেলে। তিনি অ্যাড. দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় এমনিতেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এ ছাড়া ভালো মোবাইল ছাড়া ছবি টিকটক, লাইককি, ইউটিউব ভিডিও করা সম্ভব না ভিউয়ারস পাওয়া বা ইনকাম করা সম্ভব না।
তাই বেশি দামের মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় অভিমান করে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শফিকুল।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রেখেছে।
নিহত শফিকুলের চাচা অ্যাড. দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সাইদ জানান, শফিকুলের এক ভাই বিদেশে থাকেন। তিনি বাড়ির মিলাদ ও দোয়া পড়ানোর জন্য টাকা পাঠিয়েছেন কিন্তু সেই টাকাসহ আরও টাকা নিয়ে শফিকুল একটি দামি মোবাইল কিনতে চান। শফিকুলের বাবা দিতে রাজি না হওয়ায় অভিমান করে ঘরে মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মাদারীপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার পুলিশ হাসপাতালে পাঠিয়েছি লাশ ময়নাতদন্ত করা হবে।
