সাকিবকে খলনায়ক বানানো হচ্ছে: শিশির

আপডেট : ১২ জুন ২০২১, ১১:৫৭ এএম

আবারও সাকিব আল হাসানকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে দেশের ক্রিকেটে। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুক্রবার দুই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর মধ্যকার ম্যাচে বিতর্কের জন্ম দেন দেশ সেরা অলরাউন্ডার।

বোলিংয়ে এসে ব্যাটিংয়ে থাকা মুশফিকর রহিমের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানান সাকিব। কিন্তু আম্পায়ার ‘নট আউট’ বলার সঙ্গে সঙ্গে মেজাজ হারিয়ে লাথি দিয়ে স্টাম্প ভাঙেন তিনি। এরপর আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে। পরে মাঠ ছাড়ার সময় আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়ান সাকিব।

পরে মাঠের মধ্যে এমন অ-খেলোয়াড়িসুলভ আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ঘটনার দিন সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুকে সমর্থক, অনুসারী, টুর্নামেন্ট আয়োজক, আয়োজক কমিটির কাছে ‘মানবিক ভুলের’ জন্য ক্ষমাও চান। ভবিষ্যতে এমন ভুল করবেন না বলেও জানান ৩৪ বছর বয়সী তারকা।

তবে এই ঘটনার পর সাকিবের পক্ষ নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। শুক্রবার দিবাগত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি একটি পোস্ট দেন।

শিশির সাকিবের লাথি মেরে স্টাম্প ভাঙার এক অ্যানিমেশন ছবি পোস্ট করে লেখেন, ‘আমি ঘটনাটি নিয়ে বেশ কিছু মিডিয়া, বিশেষ করে কিছু টেলিভিশনের খবরে বিস্মিত হয়েছি। আজকের ঘটনায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজনকে যেভাবে জনগণ সমর্থন দিচ্ছে, তা সত্যিই দারুণ ব্যাপার। অন্তত একজন হলেও প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু মিডিয়ার কারণে আসল ঘটনা চাপা পড়ে গেছে। ফুটেজে শুধু রাগের বহিঃপ্রকাশ দেখানো হয়েছে। আসল বিষয়টি ছিল, ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। মিডিয়ায় যে সব শিরোনাম দেওয়া হচ্ছে তা দুঃখজনক। আমার মতে এই ঘটনায় সাকিবকে খলনায়ক বানানো হচ্ছে। আপনি যদি ক্রিকেটপ্রেমী হোন তবে এর বিরুদ্ধে সচেতন হোন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত