জনসনের ব্যবহার অনুপযোগী ৬ কোটি টিকা বাতিল করল যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ জুন ২০২১, ১১:২৫ পিএম

দূষণে ব্যবহারের অনুপযোগী বলে জনসন অ্যান্ড জনসনের ৬ কোটি ডোজ টিকা বাতিলের জন্য উৎপাদন প্রতিষ্ঠানকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, জনসনের ‘সংকট-কবলিত’ বাল্টিমোর কারখানায় উৎপাদিত টিকাগুলো সম্ভাব্য দূষণের কারণে ব্যবহার করা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ভেতরে বা অন্যান্য দেশে এসব টিকার ১ কোটি ডোজ বিতরণের পরিকল্পনা করেছিল এফডিএ। উদ্বেগের কারণে দুই মাস ধরে বন্ধ কারখানাটি এমারজেন্ট আবার চালু করতে পারবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের যে টিকা প্রয়োগ করা হয়েছে, তা ওষুধ কোম্পানিটির নেদারল্যান্ডসের কারখানায় উৎপাদিত, যেটি এমারজেন্ট পরিচালনা করছে না।

বাল্টিমোরের কারখানায় বড় ধরনের উৎপাদন ত্রুটি ধরা পড়ে। এরপর দুটি টিকার অন্তত ১৭ কোটি ডোজের মান নিয়ে প্রশ্ন ওঠে। এমারজেন্ট পরিচালিত বাল্টিমোরের ওই কারখানায় জনসনের ১০ কোটি ও অ্যাস্ট্রাজেনেকার অন্তত ৭ কোটি ডোজ টিকা উৎপাদন করা হয়।

গত মার্চে এমারজেন্ট শনাক্ত করে, এ কারখানার কর্মীরা অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান জনসনের টিকার একটি ব্যাচের সঙ্গে মিশিয়েছে।

এক বিবৃতিতে এফডিএ জানিয়েছে, মজুত থাকা এসব চালানের ১০ লাখ ডোজ টিকা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্তের আগে কারখানাটির নথিপত্র ও উৎপাদকের মান মূল্যায়ন করা হবে।

তবে এফডিএ’র এ সিদ্ধান্তের বিষয়ে জনসন অ্যান্ড জনসন এবং এমারজেন্ট কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত