জগন্নাথ বিশ্ববিদ্যালয়

এনআইডি না থাকায় বিপাকে কয়েক হাজার শিক্ষার্থী

আপডেট : ১২ জুন ২০২১, ১১:৪৬ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনতে তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতা হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  (জবি) শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধনের তথ্য সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে শিক্ষার্থীরা ভ্যাকসিনের জন্য জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং বিশ্ববিদ্যালয়ের আইডি নাম্বার, ডিপার্টমেন্টের তথ্য দিয়ে প্রাথমিক নিবন্ধন করেছেন। তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থীই এই নিবন্ধনের বাইরে রয়েছেন। এ অবস্থায় বিকল্প কোনো উপায়ও বলছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীরা এনআইডির বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদপত্র দিয়ে সবাইকে ভ্যাকসিন নিবন্ধনের আওতায় আনার দাবি জানিয়েছে।

বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঊর্মি বলেন, এখন পর্যন্ত আমি এনআইডি কার্ড পাইনি। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া সময়ে চেষ্টা করেও আবেদন করতে পারিনি। এনআইডির বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইউনিক আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড দিয়ে নিবন্ধনের সুযোগ দেওয়া উচিত।

শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন বলেন, আমি এখনো এনআইডি পাইনি। যে কারণে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর এনআইডি নেই। সবার কথা বিবেচনা করে জন্মনিবন্ধন কার্ডের নাম্বার ও বিশ্ববিদ্যালয়ের আইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ দিলে ভালো হতো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, সর্বশেষ সময় পর্যন্ত ৯ হাজার ৪৫৪ শিক্ষার্থী আবেদন করেছে টিকার জন্য। শিক্ষার্থীদের তথ্যগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় থেকেই সুরক্ষা অ্যাপের মাধ্যমে মেসেজে পরবর্তীকালে শিক্ষার্থীদের কত তারিখ ও কোন জায়গায় টিকা দেওয়া হবে সেগুলো জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত