কুষ্টিয়া শহরে প্রকাশ্যে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়ে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে বলে খবর পা্ওয়া গেছে।
রবিবার সকাল ১১টায় ম.আ. রহিম সড়কের (পিটিআই রোড) কাস্টমস অফিসের সামনে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানান, রবিবার বেলা ১১টার দিকে গুলিবিদ্ধ একজন নারী, একজন শিশু ও একজন পুরুষকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তিনজনকেই মৃত পান।
নিহতরা হলেন- কুমারখালী উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা মেজবার খানের ছেলে বিকাশকর্মী শাকিল খান (২৮), আসমা খাতুন (৩৪) এবং শিশু রবিন (৭)।
তবে নিহতদের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ হচ্ছে।
